ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘পিঠ দেয়ালে ঠেকলে রুখে দাঁড়াবো’: মিউজিশিয়ানদের পাশে দাঁড়ানোর আহ্বান আসিফের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

‘পিঠ দেয়ালে ঠেকলে রুখে দাঁড়াবো’: মিউজিশিয়ানদের পাশে দাঁড়ানোর আহ্বান আসিফের

দেশে একের পর এক কনসার্ট বন্ধ হওয়া এবং মিউজিশিয়ানদের পেশাগত অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, মিউজিশিয়ানদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারাও রুখে দাঁড়াবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কমলাপুরে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মিউজিশিয়ানস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী এ আয়োজনে নিবন্ধন, আপ্যায়ন, আড্ডা ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাসুদ রানা এবং সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী মিতুয়া হেমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য গীতিকার ও সঙ্গীত গবেষক শহীদ মাহমুদ জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। এছাড়া ফুয়াদ নাসের বাবু, মকসুদ জামিল মিন্টু, পিলু খান, লাবু রহমান, সাঈদ হাসান টিপুসহ দেশের খ্যাতিমান শিল্পীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আসিফ আকবর বলেন, মিউজিশিয়ানরা দেশের সবচেয়ে অবহেলিত একটি শ্রেণি। তাদের বাড়ি ভাড়া পেতে সমস্যা হয়, ব্যাংক থেকেও ঋণ পেতে নানা বাধার মুখে পড়তে হয়। প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কার্ড বিতরণ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ উদ্যোগের শুরু মিউজিশিয়ানদের দিয়েই হওয়া উচিত ছিল।

তিনি প্রশ্ন করেন, সরকার যদি চায় দেশের সন্তানরা গান, নাচ ও আবৃত্তি করবে, তাহলে আবার কেন গানবাজনা বন্ধের ডাক আসছে? সংবিধানের কোন ধারায় সঙ্গীত নিষিদ্ধের বিধান রয়েছে—এ প্রশ্নও তোলেন তিনি।

আসিফ বলেন, নানা অনিশ্চয়তার কারণে অনেক শিল্পী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মিউজিশিয়ানদের জন্য পেশাগত নিরাপত্তা তৈরি হয়নি। একের পর এক কনসার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, প্রশাসন আসলে কার ভয়ে গান বন্ধ করছে?

তিনি বলেন, সমতল ভূমির বাংলাদেশে জঙ্গিবাদের কোনো সুযোগ নেই। ধর্ম ও সঙ্গীতকে পরস্পরবিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। সরকার যদি সঙ্গীত, আবৃত্তি ও নাচ নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে শিল্পীরা দেশ ছাড়তে বাধ্য হবেন।

পৃথিবীর বিভিন্ন দেশে নিয়মিত কনসার্ট ও সঙ্গীতানুষ্ঠান হচ্ছে উল্লেখ করে আসিফ প্রশ্ন রাখেন, ‘এখানে কেন নয়?’

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সরকার যদি মিউজিশিয়ানদের আশ্বাস না দেয় এবং তারা পেশাহীন হয়ে পড়েন, তাহলে তারাও রুখে দাঁড়াবেন। তার ভাষায়, ‘যে দেশে সুর-সঙ্গীত নেই, সেখানে মাদকের বিস্তার ঘটবেই।’

প্রধান অতিথি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ধর্মের নামে যারা সঙ্গীত বন্ধের চেষ্টা করছে, তাদের ধর্মীয় যুক্তিতেই জবাব দিতে হবে। সঙ্গীতচর্চাকে মাঠ-ময়দান থেকে ঘরে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় শিল্পীদের পাশে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশেও তারা কনসার্ট করেছেন উল্লেখ করে ভবিষ্যতেও শিল্পীদের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box

Posted ১০:০১ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।