ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। একসময় পর্দায় দাপুটে উপস্থিতি থাকলেও বেশ কয়েক বছর ধরে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। এবার নিজের জীবন নিয়ে নতুন ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
তার এই বক্তব্যে অভিনয়ে ফেরার বিষয়ে অনাগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলেও জানিয়েছেন তিনি।
নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে পপি বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
এর আগে ২০২৫ সালে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন পপি। তবে তখনও তিনি জানিয়েছিলেন, যেকোনো কাজ নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই পর্দায় ফিরতে চান। কিন্তু ২০২৬ সালে এসেও তার প্রত্যাবর্তনের বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।
করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হন। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়।
এরপর থেকেই পপিকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। বিয়ে করে সংসারী হয়েছেন—এমন খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।
দীর্ঘদিনের আড়াল ভেঙে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে পপির জীবনদর্শনের পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। তার কথায়, আপাতত চলচ্চিত্রের ঝলমলে জগতের চেয়ে শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
Posted ৬:২৩ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।