| শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 123 বার পঠিত

গাড়ির ধাক্কায় আহত হয়ে হারিয়েছিল দুটি পা। পোষ্যকে ওই অবস্থায়ই পথে ফেলে চলে গিয়েছিল তার মালিক।
মেক্সিকোর রাস্তা থেকে সেই আহত কুকুরটিকে উদ্ধার করেছিল প্রাণীপ্রেমীদের একটি সংগঠন। সম্প্রতি সেই কুকুরটিকে একটি হুইলচেয়ার বানিয়ে উপহার দিয়েছে বিলাসবহুল গাড়ি তৈরির নামি সংস্থা মার্সিডিজ বেঞ্জ।
এমনিতে হুইলচেয়ার বানায় না মার্সিডিজ বেঞ্জ। তবে এ ক্ষেত্রে তারা তাদের নিয়মনীতির বাইরে গিয়েই ওই হুইলচেয়ার বানিয়েছে। তাই বিষয়টিকে স্রেফ হুইলচেয়ার বলতে নারাজ মার্সিডিজ সংস্থা।
তারা কুকুরটির জন্য বানানো হুইলচেয়ারের নাম দিয়েছে ‘বানিজ বেঞ্জ’। বানি ওই দুর্ঘটনাগ্রস্ত কুকুরটির নাম। গাড়িটি তার কথা মাথায় রেখে তার সম্মানেই বানানো—এটা বোঝাতে এ নামকরণ বলে জানা গেছে।
কেন হঠাৎ বানির জন্য এই বিশেষ ব্যবস্থা? কেনই বা একটি কুকুরের কথা ভেবে নিজেদের কাজের নিয়ম বদলাল মার্সিডিজ বেঞ্জের মতো সংস্থা? সেই কাহিনী ইনস্টাগ্রামে দুটি পর্বে জানিয়েছে বানির উদ্ধারকারী সংস্থা।
দুটি ধারাবাহিক ভিডিও পার্ট ওয়ান ও পার্ট টুতে বানির উদ্ধারকারী সংস্থার প্রতিনিধি বলেছেন, ‘আমরা অনেক কুকুরকে উদ্ধার করেছি। প্রতিটি উদ্ধার ঘটনার নেপথ্যেই এক একটি গল্প রয়েছে। তবে বানির গল্পটি আমার সবচেয়ে প্রিয়।’
পা হারানোর পর সুস্থ হয়ে ওঠার পর সবাইকে চমকে দিয়ে বানি শুধু তার দুই পায়ের ভরে ছোটাছুটি শুরু করে। পাল্লা দিতে থাকে তার সমগোত্রীয় সুস্থসবল কুকুরদের সঙ্গেও। তখনও বানির জন্য মার্সিডিজের হুইলচেয়ারের কথা স্বপ্নেও মনে হয়নি তাদের।
সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, বানি ‘রেসকিউ ডগ’ প্রজাতির কুকুর। এদের ঘ্রাণশক্তি তীব্র। যেকোনো কঠিন উদ্ধারকাজে এরা তুখোড়।
বানির কথা জানিয়ে তার সুস্থ হয়ে ওঠার ভিডিও পোস্ট করে কিছুদিন আগে সংস্থাটি লিখেছিল, ‘বানির এবার একটা হুইলচেয়ার দরকার।’
সেই পোস্টের নিচেই একজন লেখেন, ‘যেকোনো হুইলচেয়ার নয়, সাহসী বানির জন্য মার্সিডিজ বেঞ্জের হুইলচেয়ার দরকার।’
প্রাণীপ্রেমী সংস্থাটি জানিয়েছে, মজাচ্ছলে হলেও বিষয়টি বেশ নতুন ধরনের মনে হয় তাদের। সংস্থার পক্ষ থেকে এর পরই যোগাযোগ করা হয় মার্সিডিজ বেঞ্জের সঙ্গে। বানির কাহিনী জানিয়ে প্রাণীপ্রেমী সংস্থাটি অনুরোধ করলে মার্সিডিজ রাজি হয়ে যায়।
এর পরই আসে ভিডিওর দ্বিতীয় পর্ব। যেখানে দেখা যাচ্ছে দুই পায়ের বানি তার জন্য তৈরি হুইলচেয়ারে চেপে দৌড়োচ্ছে। সেই আনন্দের দৌড় দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।
বানিকে উদ্ধার করার জন্য এবং তাকে চলাফেরার নতুন সুযোগ করে দেওয়ার জন্য মার্সিডিজ বেঞ্জ সংস্থাটিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছে তারা।
Posted ৪:৩৫ এএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।