বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কানে কোরিয়ান সিনেমার বাজিমাত, ‘হোপ’ পেল ৭ মিনিট করতালি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

কানে কোরিয়ান সিনেমার বাজিমাত, ‘হোপ’ পেল ৭ মিনিট করতালি

ঝলমলে লালগালিচা, ক্যামেরার ঝিকিমিকি আর বিশ্ব সিনেমার সবচেয়ে বড় মিলনমেলা কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯ আসরে দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং-জিন পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘হোপ’ এর প্রিমিয়ার হলো। প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ যাত্রার সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা সাত মিনিট করতালিতে মুখর করলেন হলরুম।

আগে থেকেই উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত এই ছবিটি নিয়ে ছিল তুমুল আগ্রহ। তবে প্রিমিয়ারের পর দর্শকদের এমন উচ্ছ্বাস যেন ছবিটিকে উৎসবের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত করেছে।

করতালির সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্মাতা না হং-জিনও। দর্শকদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত দীর্ঘ একটি চলচ্চিত্রের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ।

প্রিমিয়ারে উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া বলছে, ‘হোপ’ শুধু ভিজ্যুয়াল চমক নয়; বরং এক ধরনের মানসিক অভিজ্ঞতাও। ছবির কয়েকটি বড় অ্যাকশন দৃশ্য চলাকালেই হলজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে তিনটি অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের করতালি যেন থামছিলই না।

‘হোপ’-এর গল্প আবর্তিত হয়েছে ‘হোপ হারবার’ নামে এক প্রত্যন্ত গ্রামকে ঘিরে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী নিরস্ত্রীকরণ অঞ্চলের কাছাকাছি থাকা গ্রামটিতে হঠাৎ বাঘ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এমন এক রহস্যের দিকে মোড় নেয়, যা বাস্তবতার সীমাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। গ্রামের পুলিশপ্রধান বুম-সোক তখন আবিষ্কার করতে থাকেন এক ভয়ংকর অজানা সত্য।

ছবিটিতে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা হোয়াং জং-মিন, জো ইন-সাং, হোইয়ন জং। সঙ্গে আছেন আন্তর্জাতিক তারকা অ্যালিসিয়া ভিকান্ডার, মাইকেল ফ্যাসবেন্ডার, টেইলর রাসেল ও ক্যামেরন ব্রিটন।

কানের সঙ্গে না হং-জিনের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে ২০১৬ সালে তাঁর বহুল আলোচিত ‘দ্য ওয়েইলিং’ কানে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছিল। ২০১১ সালে ‘দ্য ইয়েলো সি’ এবং ২০০৮ সালে ‘দ্য চেজার’ দিয়েও তিনি কানের দর্শকদের নজরে এসেছিলেন। ফলে ‘হোপ’ ঘিরে প্রত্যাশা ছিল অনেক আগে থেকেই।

এই হোপের মাধ্যমে এবারের কান উৎসবেও এশীয় সিনেমার শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠছে। কোরিয়ান নির্মাতাদের পাশাপাশি জাপান, চীন ও থাইল্যান্ডের চলচ্চিত্রও পাচ্ছে আন্তর্জাতিক দর্শকদের মনোযোগ। অন্যদিকে হলিউড তারকাদের উপস্থিতি, ফ্যাশন আর বিশ্ব রাজনীতির নানা বার্তার ভিড়ে এবারও সিনেমাই শেষ পর্যন্ত হয়ে উঠছে কানের সবচেয়ে বড় আকর্ষণ।

গত ১২ মে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৫ মে পর্যন্ত। ১২ দিনের এই উৎসবকে কেন্দ্র করে আলো ঝলমলে লালগালিচা, ক্যামেরার ঝলকানি, বিশ্বের সেরা নির্মাতা ও তারকাদের পদচারণায় মুখর রয়েছে শহরটি।

Facebook Comments Box

Posted ৭:১৬ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।