ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

ফ্যাশন ও প্রযুক্তির দুনিয়া দ্রুত বদলালেও পুরোনো দিনের প্রতি মানুষের টান কমেনি। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ১৯৮০-এর দশকের আদলে ছবি তৈরির নতুন ট্রেন্ড।
এআইয়ের সাহায্যে বর্তমান সময়ের ছবিকে চার দশক আগের পোশাক, চুলের স্টাইল, মেকআপ ও আলোকচিত্রের আবহে রূপ দেওয়া হচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও এই ট্রেন্ডে অংশ নিয়ে আশির দশকের নস্টালজিয়ামাখা ছবি শেয়ার করছেন।
শুধু পোশাক বা চুলের স্টাইল বদলেই থেমে নেই এই ট্রেন্ড। ছবির আলো, রঙ, ব্যাকগ্রাউন্ড ও ক্যামেরার আবহও বদলে দেওয়া হচ্ছে। ফলে আধুনিক সময়ে তোলা একটি ছবিকেও দেখলে মনে হতে পারে, সেটি যেন সত্যিই ১৯৮০-এর দশকের কোনো স্টুডিও বা ফিল্ম ক্যামেরায় ধারণ করা।
কীভাবে বানাবেন ৮০-এর দশকের ছবি?
এআই-নির্ভর বিভিন্ন ছবি তৈরির টুলে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করে নির্দিষ্ট নির্দেশনা দিলেই তৈরি করা যায় আশির দশকের রেট্রো লুক।
নির্দেশনায় বলা যেতে পারে—ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করতে হবে। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রেখে আশির দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ দিতে হবে।
এর সঙ্গে পুরোনো স্টুডিওর আবহ, ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া ও বাস্তবসম্মত ত্বকের টেক্সচার যোগ করার নির্দেশ দেওয়া যায়। ছবিটি যেন শুধু ভিনটেজ ফিল্টার দেওয়া আধুনিক ছবি না মনে হয়, বরং সত্যিই ১৯৮০-এর দশকে তোলা—সেটিও নির্দেশনায় উল্লেখ করা যায়।
আরও নির্দিষ্ট ফল পেতে পোশাকের ধরন, চুলের স্টাইল, ছবির স্থান কিংবা আলোকসজ্জা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া যায়। এতে তৈরি ছবিতে আশির দশকের আবহ আরও স্পষ্ট হয়ে ওঠে।
বর্তমান সময়ের একটি ছবিকে কয়েকটি নির্দেশনার মাধ্যমে চার দশক আগের স্মৃতির মতো করে তোলার এই প্রবণতা তাই শুধু প্রযুক্তির নতুন ব্যবহার নয়, বরং নস্টালজিয়াকে নতুনভাবে উপভোগেরও একটি মাধ্যম হয়ে উঠেছে।
কারও কাছে আশির দশক মানে শৈশবের স্মৃতি, আবার কারও কাছে সেটি জন্মেরও আগের এক অচেনা সময়। এআইয়ের হাত ধরে সেই সময়ই এখন ফিরে আসছে ডিজিটাল ছবির ফ্রেমে।
Posted ১:৫৪ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।