ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   340 বার পঠিত

আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে : অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের পেছনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, এনবিআর সংস্কার করা হচ্ছে, নানা অসঙ্গতির কারণে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। আওয়ামী লীগ সরকারের সময় কিছুসংখ্যক ব্যবসায়ী সুবিধা পেত। ভালো ব্যবসায়ীরা সুবিধা পেত না। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কার নিয়ে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার নিয়ে একটি নেতিবাচক ধারণা আছে। সংস্কার হলে কারও ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। বরং এনবিআর একটি স্বতন্ত্র ডিভিশন হবে। তাদের স্ট্যাটাসটা বাড়বে। তাদের ক্যারিয়ারটা আরও প্রস্ফুটিত হবে। তাদের প্রমোশনটা আরও ভালো হবে।

আন্দোলনে ব্যবসায়ীদের ইন্ধন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরে সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি (ডিসক্রেপেন্সি) ছিল। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। বেশির ভাগ ক্ষেত্রে আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী সুবিধা পেতেন। ভালো যারা তারা সুবিধা পেতেন না। অতএব আমি অনুমান করে বলছি, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে। না হলে ক্যারিয়ার নিয়ে তারা হঠাৎ করে এত চটে গেলেন কেন? অন্য কোন উদ্দেশ্য যদি না থাকে তাহলে এমন হওয়ার কথা নয়। এটা হলো আমার অনুমান। আমি ব্যবসায়ীদের ওভাবে দোষ দিচ্ছি না।

তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিতি কোনো সরকারি কর্মচারী বিশেষত এনবিআরের কেউ কোনোদিন করেনি। এটা পুরো দেশের ব্যবসা, বাণিজ্য, রাজস্বের ব্যাপার। বন্দর, স্থলবন্দর, আমদানি-রপ্তানির ব্যাপার। আমি বলেছি, এমন কোনো সমস্যা নেই যেটা আলোচনা করে সমাধান করা যাবে না।

এদিকে বুধবার সকালে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনরতদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এনবিআর বিলুপ্তের সিদ্ধান্তে অটল থাকায় বিকালে সংবাদ সম্মেলন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের জোট এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে ২৮ জুন শনিবার থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেছে।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ এবং উন্নয়ন সহযোগীরা রাজস্ব কার্যক্রমের দক্ষতা বাড়াতে রাজস্বনীতি ও বাস্তবায়নে কাজ আলাদা করার পরামর্শ দিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে গত বছরের ৯ অক্টোবর এনবিআর সংস্কার বিষয়ে একটি পরামর্শক কমিটি গঠন করে। ওই পরামর্শক কমিটির রিপোর্ট পর্যালোচনা করে রাষ্ট্রপতির অনুমোদনে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অধ্যাদেশটি জারি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ জুন থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার (আজ) বিকাল ৫টায় আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের আলোচনার আহ্বান জানিয়েছেন। সরকার প্রত্যাশা করে, এই আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সবার ঐকমত্যের ভিত্তিতে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে।

এর পরিপ্রেক্ষিতে বিকালে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের নিচে সংবাদ সম্মেলনে করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা। তারেক রিকাবদার বলেন, অর্থ উপদেষ্টা বুধবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। এটি সরকারের ২৫ মে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে উলি­খিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে সরকার এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। অর্থাৎ সরকারের অবস্থান বদল হয়েছে, যা প্রতিশ্র“তির সঙ্গে প্রহসন ছাড়া অন্য কিছু নয়। তিনি আরও বলেন, ওই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআরে আন্দোলন চলছে বলে উল্লে­খ করেছেন। কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, তা তদন্ত করে সরকার দেশবাসীকে জানাক, এটা আমাদের দাবি। এনবিআরের ইতিহাসে এই প্রথম আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণের মাধ্যমে এত দীর্ঘদিনের ও এত বড় কর্মসূচির পেছনে কোনো গোষ্ঠীর ইন্ধন খোঁজার প্রয়াস মাঠপর্যায়ের প্রকৃত তথ্য না পাওয়ার কারণেই ঘটেছে বলে মনে হয়।

আলোচনা প্রত্যাখ্যানের যুক্তি তুলে ধরে রিকাবদার বলেন, ঐক্য পরিষদ সব সময় আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছে। তাই ২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা হয়। অর্থ উপদেষ্টা দুজন প্রতিনিধিকে সময় দেন মাত্র ১০ মিনিট। আবার আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরও সাংবাদিকদের আলোচনা শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। তাছাড়া এনবিআর গঠিত বিতর্কিত কমিটির একজন সদস্য স্বাক্ষরিত একটি আলোচনার নোটিশ ঐক্য পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কোনো নোটিশ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে পাঠানো হয়নি। একদিন আগের তারিখ দিয়ে জারি করা সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া কিছু নয়।

Facebook Comments Box

Posted ৩:০৫ এএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।