খেলাধুলা ডেস্ক | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত

৫০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে লড়াই করেও শেষ রক্ষা হলো না ভিয়ারিয়ালের। প্রতিপক্ষের মাঠে আধিপত্য বজায় রেখে বছরটা দারুণভাবে শেষ করল বার্সেলোনা। রাফিনহা ও লামিনে ইয়ামালের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল হান্সি ফ্লিকের দল।
এই জয়ে লিগে টানা অষ্টমবারের মতো পূর্ণ পয়েন্ট পেল কাতালানরা। ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নিয়ে গেল বার্সা।
ম্যাচের শুরুতেই লিড নেয় সফরকারীরা। দশম মিনিটে বক্সে রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় ভিয়ারিয়াল। ইয়ামালকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। এতে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
এর আগে অবশ্য ভয় ছড়িয়েছিল ভিয়ারিয়াল। ১৭তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়েছিলেন বার্সা ডিফেন্ডার জুল কুন্দে, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের ভুলে বিপদে পড়তে পারত বার্সা, তবে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলা ভিয়ারিয়ালের ওপর চাপ বাড়ায় বার্সেলোনা। ৬৩তম মিনিটে দলের জয় নিশ্চিত করা গোলটি করেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগায এটি তার সপ্তম গোল। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে নতুন বছরের মিশন শুরু করবে বার্সেলোনা।
Posted ৫:৫৫ পিএম | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।