| রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল ও অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
মিস ইউনিভার্সের ৭১তম আসরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বাজিমাত করলেন গ্যাব্রিয়েল। তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারনে কাজ করবেন বলে জানান, যাতে তাঁরা নিজেকে জানতে পারেন।
প্রথমবারের মতো এবারের আসরে অংশ নিয়েছে ভুটান। এছাড়াও বিগত কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে।
Posted ১০:৪৫ এএম | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।