বিশ্ব ডেস্ক | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে ১৪টি মামলায় দোষ স্বীকার করেছেন ৬০ বছর বয়সী কেনেথ ল। গতকাল শুক্রবার অন্টারিওর একটি আদালতে তিনি কৌঁসুলিদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দোষ স্বীকার করেন। এর বিনিময়ে তার বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক শেফ কেনেথ ল অনলাইন প্ল্যাটফর্ম ও আত্মহত্যা-সম্পর্কিত ফোরামের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০টি বিষাক্ত পদার্থের প্যাকেট বিক্রি করেছিলেন। এসব প্যাকেট বিশ্বের অন্তত ৪০টি দেশে পাঠানো হয়, যার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ যুক্তরাজ্যে গেছে বলে জানা গেছে। তবে তিনি যেসব অভিযোগে দোষ স্বীকার করেছেন, সেগুলোর সব ভুক্তভোগী কানাডার নাগরিক।
এই ঘটনাকে ঘিরে যুক্তরাজ্যের ভুক্তভোগীদের পরিবারগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, কেনেথ ল-এর বিরুদ্ধে ৭৯ জন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর ঘটনার তদন্ত হলেও সেসব নিয়ে আলাদা মামলা করা হয়নি। যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বলেছে, বিক্রিত পদার্থগুলোর সঙ্গে একাধিক মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে।
কানাডায় ভুক্তভোগীদের একজন ছিলেন ১৯ বছর বয়সী অ্যাশটিন প্রোসার ব্লেক, যিনি ২০২৩ সালের মার্চে আত্মহত্যা করেন। তার মা কিম প্রোসার বলেন, তার ছেলে অত্যন্ত হাসিখুশি ও কোমল স্বভাবের ছিল, তবে মহামারির পর তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সে নিজের জীবন শেষ করে। কিম প্রোসার বলেন, ‘কাউকে কারাগারে পাঠালেই আমার ছেলেকে হারানোর কষ্ট কমবে না।’
কর্তৃপক্ষ জানায়, কেনেথ ল–কে ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়। প্রায় এক ডজন দেশের আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে যুক্তরাজ্য, ইতালি ও যুক্তরাষ্ট্রের সংস্থাও রয়েছে, এই তদন্তে অংশ নেয়।
গ্রেপ্তারের এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় কেনেথ ল তরুণদের কাছে বিষাক্ত পদার্থ বিক্রি করছিলেন। ওই প্রতিবেদনে এক সাংবাদিক ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযোগ অনুযায়ী, ল তাকে এসব পদার্থ ব্যবহারের ‘সবচেয়ে কার্যকর উপায়’ সম্পর্কেও নির্দেশনা দেন।
কানাডিয়ান গোয়েন্দারা বিবিসিকে জানিয়েছিল, তিনি একাধিক ওয়েবসাইট পরিচালনা করতেন যেখানে আত্মহত্যায় আগ্রহী ব্যক্তিদের জন্য রাসায়নিক ও সরঞ্জাম বিক্রি করা হতো।
কানাডার আইনে আত্মহত্যায় সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। কেনেথ ল–এর সাজা নির্ধারণের শুনানি আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে এবং কয়েক দিন চলবে।
Posted ৪:১৪ পিএম | শনিবার, ৩০ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।