সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঈদে ওটিটি-ইউটিউবে নানা রকম সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

ঈদে ওটিটি-ইউটিউবে নানা রকম সিনেমা-সিরিজ

কয়েক বছরে দেশের বিনোদন অঙ্গনে ওটিটির প্রভাব অনেকটাই বেড়েছে। বিশেষ করে তরুণদের কাছে ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম। ঈদের ছুটি মানেই এখন শুধু টেলিভিশনের নাটক নয়, বরং ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেরও উৎসব। নানা ঘরানার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ওটিটি মাধ্যমগুলো। 
চরকিতে ‘দম’
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর ঈদুল আজহা উপলক্ষে গতকাল চরকিতে মুক্তি পেয়েছে ‘দম’।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি, দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে পৌঁছে যাবে। আশা করব, দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে ‘দমদার’।’’ আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দম-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে দম-এর চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।

হইচইতে বনলতা এক্সপ্রেস
রোজার ঈদের আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এবার হইচইতে মুক্তি পাচ্ছে। আসছে ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে হইচই। প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেক্ষাগৃহে দুই মাস চলার পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা ছিল। সেভাবেই এবার সব দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে ওটিটিতে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
তানিম নূর পরিচালিত সিনেমাটি হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। সিনেমার অভিনয়শিল্পীরা হলেন–মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।

বঙ্গতে ‘তাজমহল’
সীমান্তের দুই প্রান্তের এক প্রেমের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিনেমা ‘তাজমহল’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে। এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের ফাইজুল ইয়ামিন এবং কলকাতার সৃজা দত্ত। ‘তাজমহল’ ওয়েব সিনেমার মাধ্যমে দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো অভিনয় করলেন সৃজা। তিনি টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় সৃজার বিপরীতে আছেন ফাইজুল ইয়ামিন। তিনি রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায় ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও ফিরলেন নির্মাতা ওয়াহিদ আনাম। সমাজ ও জীবনের রুক্ষ, বাস্তবধর্মী চিত্র এবং সাধারণ মানুষের জীবন-সংগ্রাম পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলায় বরাবরই অনন্য তিনি। তাঁর নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে এবার এক ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।

ক্যাপিটাল ড্রামার তিন নাটক
ঈদে চ্যানেলটিতে আসবে তিনটি নাটক, জানালেন হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল। নাটকগুলো হলো, তানিম রহমান অংশুর ‘অচেনা আমি’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’। অভিনয়ে জোভান ও তটিনী। আর রুবেল হাসানের ‘তোর মায়ায়’। এতে আছেন জোভান ও তটিনী।

জি-সিরিজের ২১ নাটক
প্রতি ঈদেই গানের পাশাপাশি বেশ কয়েকটি নাটক নিয়ে আসে জি-সিরিজ। এই ঈদে তাদের চ্যানেল থেকে আসবে ২১টি নাটক। এসব নাটকের নির্মাণে রয়েছেন বাহাদুর কাজী, মেহেদী রনি, আদিফ হাসান, শিমুল শর্মা, বি ইউ শুভ, রুবেল আনুশ, পথিক সাধন,জুবায়ের ইবনে বকরসহ অনেক নির্মাতা। আর অভিনয়ে পাওয়া যাবে একাধিক প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের; যেমন-মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আরশ খান, সামিরা খান মাহি, সাফা কবির, কেয়া পায়েল, নীলাঞ্জনা নীলা, সাদিয়া আয়মান,হিমি প্রমুখ।

সিএমভির ১৩ নাটক
গানের পাশাপাশি নাটকের অন্যতম বড় ঠিকানা হয়ে উঠেছে সিএমভি। এবার তারা মোট ১৩টি নাটক প্রচার করবে। সিএমভির কর্ণধার শাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকগুলো নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, রুবেল হাসান, ইমরোজ শাওনসহ অনেকে। অভিনয়ে দেখা যাবে তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, পার্থ শেখ, মুশফিক আর ফারহান, তানজিন তিশা, তানজিম সাইয়ারা তটিনী, নাজনীন নীহা, কেয়া পায়েল, সাফা কবিরের মতো তারকাদের। শাহেদ আলী জানান, প্রেমের গল্প তো থাকছেই, সেই সঙ্গে এবার প্রাধান্য দেওয়া হচ্ছে পারিবারিক গল্পকে।

সিডি চয়েসের এক ডজন
অডিও গানের একসময়ের প্রভাবশালী প্রতিষ্ঠান সিডি চয়েস। এখন নাটকেই মনোযোগী তারা। এই ঈদেও প্রায় এক ডজন নাটক আসবে চ্যানেলটিতে। এর কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘সংখ্যা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে ১০-১২টির মতো আসবে। আমরা বরাবরই দর্শকের চাহিদার কথা ভেবে নাটক করি। এবারও সে ধারা অব্যাহত থাকছে। কমেডি, রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক আসবে।’

সিনেমাওয়ালায় তিন নাটক ও সিরিজ
এবারের ঈদে চ্যানেলটিতে আসবে তিনটি একক নাটক ও একটি সাত পর্বের সিরিজ। এর মধ্যে রয়েছে গত বছরের বহুল আলোচিত ‘তোমাদের গল্প’ নাটকের দ্বিতীয় কিস্তি। সিদ্দিক আহমেদের রচনা ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করছেন জোভান, তটিনী, ইন্তেখাব দিনার প্রমুখ। একই লেখক-নির্মাতার আরেকটি নাটক ‘দ্য অভিযান’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, রেহান, সুনেরাহ, মালাইকা প্রমুখ। তৃতীয় নাটকটি নিজের গল্পে বানিয়েছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী ‘নোটবুক’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদ। আর সাত পর্বের সিরিজটির পরিচালক কে এম সোহাগ রানা।এটি মূলত সিনেমাওয়ালার দর্শকপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’র বিশেষ অধ্যায়। এ সিরিজে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, ছোঁয়া প্রমুখ।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৫০ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।