ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করা হয়। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
সম্মতিপত্রে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের টিওঅ্যান্ডইভুক্ত ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য এসব মোটরসাইকেল প্রয়োজন।
এতে আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দিতে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রমের গতি বাড়াতে এসব মোটরসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কিনতে মোট ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
তবে এ ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই ক্রয় ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না। ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।
Posted ১২:১৯ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।