ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চার দেশে একযোগে মার্কিন অবস্থানে ইরানের হামলার দাবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

চার দেশে একযোগে মার্কিন অবস্থানে ইরানের হামলার দাবি

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে একটি ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস এবং কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। ঘাঁটির কয়েকটি কারিগরি স্থাপনাতেও আগুন লাগার কথা বলা হয়েছে।

তবে এসব দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। বাকি তিনটি জনবসতি থেকে দূরে পড়ায় কোনো হতাহত হয়নি।

এর আগে জর্ডানের ‘ক্যাম্প তিতিনে’ মার্কিন সেনাদের ব্যারাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছিল আইআরজিসি। তবে আল-জাজিরাকে দেওয়া এক মার্কিন সূত্রের দাবি, ওই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হামলাটি প্রতিহত করা হয়েছে বলেও জানায় সূত্রটি।

উত্তর ইরাকের এরবিল প্রদেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করেও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, হামলায় একটি মেরামতকেন্দ্র, কারিগরি সরঞ্জামের গুদাম এবং নজরদারি বেলুনের একটি গাইডেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরান।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রু ড্রোন’ হামলা প্রতিহত করেছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে বলে জানিয়েছে কুয়েত সশস্ত্র বাহিনী।

অন্যদিকে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন থাকা এলাকা ও রাডার স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ড্রোন ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন থান্ডার’-এর ২৯তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকায় হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ প্রদেশেও হামলার খবর এসেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

Facebook Comments Box

Posted ৬:০৮ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।