ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও উপকূলীয় বন্যায় দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের অধিকাংশই উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা।
ফ্লাইট বাতিল-বিলম্ব, দুর্ভোগে যাত্রীরা
ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ণিমায় বাড়ছে উপকূলীয় বন্যার শঙ্কা
শনিবারের পূর্ণিমার কারণে উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।
এনডব্লিউএস নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, উপকূলসংলগ্ন নিচু এলাকায় রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাতিল এড শিরানের কনসার্ট, স্থগিত খেলাও
ঝড়ের কারণে বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পারফর্ম করার কথা ছিল।
এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির একটি পেশাদার ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।
ঘণ্টায় ৮৬ কিলোমিটার বেগে বাতাসের পূর্বাভাস
নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করার পরামর্শ দিয়েছেন তিনি।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের ঝড়কে গুরুত্বের সঙ্গে নেওয়া, সতর্ক থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Posted ৬:১৫ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।