শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভেনেজুয়েলার তেলে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করছে?

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

ভেনেজুয়েলার তেলে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করছে?

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ভারত জ্বালানি সংকটে ভুগছে। এমন সময়ে দেশটিতে সফর করছেন তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের অপরিশোধিত তেল মজুতের প্রায় ১৭ শতাংশ একাই সংরক্ষণ করে। চলতি বছরের শুরুতে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির তেল সম্পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি যখন ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রস্তুতি নিচ্ছে, তখনই রদ্রিগেজ ভারত সফর করছেন।

বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রদ্রিগেজ। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায়, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনা বাড়িয়েছে দেশটি। বুধবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর রদ্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার আশায় আছেন।

ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেন, ‘আমি এমন কিছু সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো মেটাতে সাহায্য করবে।’

বিবিসি জানিয়েছে, রদ্রিগেজের এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হতে পারে। তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও মূলত একটি পণ্যের ওপরই নির্ভর করছে, সেটি হলো- তেল।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ‘আটলান্টিক কাউন্সিল’-এর দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বিবিসিকে বলেন, মধ্যপ্রাচ্যের বাইরের কোনো অঞ্চল থেকে তেল আমদানির জন্য ভারতের সামনে ভেনেজুয়েলা একটি বড় সুযোগ। পাশাপাশি এটি ওয়াশিংটনের চাওয়াকেও পূরণ করবে। যুক্তরাষ্ট্র চায়, ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলুক। এটি করার জন্য ভেনেজুয়েলা একটি বড় সুযোগ।

কুগেলম্যান আরও বলেন, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়ানো হলে তা ওয়াশিংটনের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও জোরদার করতে সাহায্য করতে পারে।

Facebook Comments Box

Posted ৩:০৩ এএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।