ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশ সোসাইটি নির্বাচনে দুই পরিষদের লড়াই, মাঠে ৪৪ প্রার্থী, ২৫ অক্টোবর ভোট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বাংলাদেশ সোসাইটি নির্বাচনে দুই পরিষদের লড়াই, মাঠে ৪৪ প্রার্থী, ২৫ অক্টোবর ভোট

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক.-এর আসন্ন নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ২১টি পদে এবার মুখোমুখি হচ্ছে দুটি পূর্ণাঙ্গ পরিষদ। পাশাপাশি সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আরও দুজন। সব মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের কুইন্স প্যালেসে নির্বাচন কমিশন আয়োজিত মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে দুই পরিষদ ও দুই স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন রূপ নেয় উৎসবমুখর পরিবেশে। দুই পরিষদের সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে মিলনায়তন।

নির্বাচনে সেলিম-আলী পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আলী।

অন্যদিকে কুনু-ফিরোজ পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফিরোজ।

এদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন কমিউনিটির পরিচিত সংগঠক রাব্বী সৈয়দ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শক্তি দাশ গুপ্তা। তার মনোনয়ন জমাদানের সময়ও উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদে মোট ২১টি পদ রয়েছে। এর মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, ছয়টি বিভাগীয় সম্পাদক ও ছয়টি কার্যকরী পরিষদ সদস্য পদ রয়েছে।

দুটি পূর্ণাঙ্গ পরিষদ থেকে এসব ২১টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর সঙ্গে সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুই স্বতন্ত্র প্রার্থী যুক্ত হওয়ায় নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নির্বাচনী তৎপরতাও তত বাড়ছে। প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

দুই পূর্ণাঙ্গ পরিষদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামায় নির্বাচনের হিসাব-নিকাশেও এসেছে নতুন মাত্রা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা এবং স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান শেষ পর্যন্ত ভোটের ফলে কতটা প্রভাব ফেলবে—এখন সেদিকেই নজর ভোটারদের।

মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং নির্বাচন কমিশনার বদরুল হক খান, মো. শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে এবার কারা আসছেন, তা নিয়ে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে আলোচনা। ভোটের মাঠে দুই পরিষদ ও দুই স্বতন্ত্র প্রার্থীর লড়াই শেষ পর্যন্ত কোন সমীকরণ তৈরি করে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

Posted ২:৫৫ এএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।