| শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | 142 বার পঠিত

ভালুকদের নিরামিষের দিকে একটু ঝোঁক থাকলেও অন্য খাবারে তাদের অরুচি আছে, এটা কেউ বলতে পারবে না। বিশেষ করে আলাস্কার বাদামি ভালুকদের তো মাছ আছে পছন্দের মেন্যুতে একেবারে ওপরের দিকে। আর এই বাদামি ভালুকদের মাছ শিকারের প্রিয় একটি জায়গা হলো ব্রুকস জলপ্রপাত। দল বেঁধে সেখানে মাছ ধরতে দেখবেন এই ভালুকদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার কাতমাই জাতীয় উদ্যানের ব্রুকস নদীতে এই জলপ্রপাতের অবস্থান। জুলাই থেকে সেপ্টেম্বরের গোড়া পর্যন্ত এই ব্রুকস জলপ্রপাতে আসে স্যামন মাছেরা। আসলে এই মাছেরা ডিম পাড়তে ব্রুকস নদী থেকে যায় ব্রুকস হ্রদে। কিন্তু জলপ্রপাত পেরিয়ে আরও আড়াই কিলোমিটার পাড়ি দেওয়ার পরই কেবল হ্রদটিতে পৌঁছাতে পারে তারা। তার মানে, সেখানে যেতে চাইলে ব্রুকস জলপ্রপাত না পেরিয়ে তাদের উপায় নেই।
স্যামন মাছের সৌভাগ্য, ব্রুকস জলপ্রপাতের উচ্চতা একবারেই কম, মোটে ছয় ফুট। প্রাণচাঞ্চল্যে ভরপুর স্যামনের জন্য এই উচ্চতা লাফিয়ে পেরোনো তেমন কঠিন কাজ নয়। তবে তাদের দুর্ভাগ্য, এটা করতে গিয়ে স্যামন মাছ আলাস্কার বাদামি ভালুকদের খাবারে পরিণত হয়।
জলপ্রপাতের ওপরে বসে মাছের অপেক্ষায় থাকে ভালুকেরা। যখনই জলপ্রপাত টপকানোর জন্য লাফ দেয়, তখনই খপ করে ধরে ফেলে ভালুকেরা। অনেক ভালুককেই থাবার সাহায্যে স্যামন মাছ সরাসরি মুখে চালান করার চেষ্টা করতে দেখা যায়। ব্রুকস নদীর আশপাশে বাস করা ভালুকেরা যত দিন গড়ায় ক্রমেই এই কৌশল শেখায় পরিপক্ব হয়ে ওঠে।
ভালুকদের এই মাছ শিকারের কারণে ব্রুকস নদী ও জলপ্রপাত পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তেমনি আলোকচিত্রীরাও ভিড় জমান দুর্দান্ত সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে। ভালুকদের এই মাছ শিকার নিয়ে তৈরি হয়েছে অনেক প্রামাণ্যচিত্রও।
ভালুকদের বসতি কাতামাই ন্যাশনাল পার্কের গহিনে। স্যামনেরা যখন ডিম পাড়তে রওনা দেয়, তখনই ব্রুকস জলপ্রপাতে ভিড় জমাতে দেখা যায় তাদের। কারণ বছরের বাকি সময় জলপ্রপাত এলাকায় খাবার পাওয়া কঠিন তাদের জন্য। তাই ভালুকের আনাগোনা থাকে একেবারেই সীমিত।
আগস্টের শেষ দিকে এসে স্যামন মাছেদের ডিম পাড়ার সময় শেষ হয়ে আসে। আর ডিম পাড়া শেষ হলে মরতে শুরু করে স্যামনেরা। মাছ যখন দুর্বল হয়ে পড়ে এবং মারা যেতে শুরু করে, ভালুকেরা নদীর ভাটির মন্থর গতিতে প্রবাহিত পানির মধ্যে ঘোরাফেরা করতে থাকে মৃত কিংবা মৃতপ্রায় স্যামন মাছের খোঁজে। তবে কোনো কোনো বছর সেপ্টেম্বর এমনকি অক্টোবরেও ব্রুকস জলপ্রপাত ও নদীর উজানে মাছ শিকার করতে দেখা যায় ভালুকদের।
Posted ২:৩১ পিএম | শুক্রবার, ১২ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।