নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ‘সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।
অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা প্রধানতম সন্দেহভাজন আসামি তুহিনের কাছে পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম এবং ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া যায় কি না, সেসব নিয়ে কাজ করছে।’
পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন আলামত জব্দ করা সম্ভব হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে। নিহত অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফনও হয়েছে।
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হবে। এরপর আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের ক্ষেত্রেও বিচার বিভাগ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করবে বলে তিনি আশা করেন।
Posted ১০:১৫ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।