ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস, জানালেন নেপথ্যের গল্প

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত

স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস, জানালেন নেপথ্যের গল্প

অভিনয়জীবনে অনেক পুরস্কার, সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে মঙ্গলবার পাওয়া একটি বিশেষ সম্মান তাঁকে রীতিমতো বিস্মিত ও আবেগাপ্লুত করেছে। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘স্বর্ণের কলস’ উপহার পেয়েছেন তিনি।

মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে স্বর্ণের কলস তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অভিনেত্রী কুসুম সিকদারের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন আরেক উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

স্বর্ণের কলস পেয়ে আজ নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

অপু বিশ্বাস লিখেছেন, ‘শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা। কিন্তু জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে—কোনোদিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি স্বর্ণের কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে। অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে।’

তিনি আরও লিখেছেন, ‘গতকাল বিকেলে আমি জিম করছিলাম। হঠাৎ চ্যানেল আই থেকে রহমান (সাংবাদিক আবদুর রহমান) ভাইয়ের ফোন। বললেন, ‘কোথায় তুমি? দ্রুত চ্যানেল আইয়ে চলে আসো, জরুরি কাজ আছে।’ কিসের জরুরি কাজ, কেন ডাকছেন—কিছুই জানতাম না। বাসায় ফিরে তড়িঘড়ি করে রেডি হলাম। বসুন্ধরার বাসা থেকে ছুটে গেলাম তেজগাঁওয়ে চ্যানেল আই অফিসে। চ্যানেল আইয়ে ঢুকেই অন্যরকম অনুভূতি হলো। যেখানে এতবার গেছি, সেটিকে নতুন লাগছিল। চারপাশের আয়োজন, পরিবেশ, মানুষের মুখের হাসি—সবকিছু যেন বিশেষ মুহূর্তের অপেক্ষায়। তারপর এলো সেই মুহূর্ত। হঠাৎ দেখি সাগর (ফরিদুর রেজা সাগর) ভাইয়ের হাতে একটি স্বর্ণের কলস। সেটি নাকি আমার জন্যই!’

অপুর কথায়, ‘সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে যাই। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের এত বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ আমাদের সাগর ভাই—তাঁর হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করছি! ওই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি। অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।’

অপুর ভাষ্য, ‘আমরা সবাই জানি, চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছেই অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তার পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন—কোনোদিন ভাবিনি।’

শেষে অপু লিখেছেন, স্বর্ণের কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আজীবন অনেক পুরস্কার, সম্মান পেয়েছি। কিন্তু এই উপহার আমার কাছে সবকিছুর চেয়ে আলাদা। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

Facebook Comments Box

Posted ৪:১৫ এএম | বুধবার, ০৩ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।