বিনোদন ডেস্ক | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত

সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই বিতর্ক। ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘অ্যানিমেল’—প্রতিটি সিনেমাই আলোচনার পাশাপাশি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো তাঁর নতুন সিনেমা ‘স্পিরিট’। সিনেমাটি মুক্তি পেতে এখনো সময় থাকলেও প্রথম ঝলকেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোড়ন তুলেছে ছবিটি।
নতুন বছরের প্রথম দিন, বুধবার প্রকাশ পেয়েছে ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক পোস্টার। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা লেখেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’
পোস্টারে দেখা যায়, লম্বা চুল ও দাড়িতে প্রভাস পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। শার্টহীন শরীরে পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ—সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগের সিনেমাগুলোর মতোই এবারও এক সহিংস ও অস্থির চরিত্রে দেখা যাবে প্রভাসকে। ঠোঁটে সিগারেট, হাতে পানীয়র গ্লাস—চরিত্রের রুক্ষতা আরও স্পষ্ট। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন তৃপ্তি দিমরি। হালকা রঙের শাড়িতে শান্ত অথচ মনোযোগী ভঙ্গিতে তিনি প্রভাসের সিগারেট জ্বালাচ্ছেন—দুজনের মধ্যকার এক তীব্র ও ইঙ্গিতপূর্ণ মুহূর্তের আবহ তৈরি করে পোস্টারটি।
এই পোস্টার প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই বাংলাদেশের সিনেমাবিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে আরেকটি ছবি। সেটি ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর একটি দৃশ্য। ছবিটি প্রথম প্রকাশ করে সিয়ামের ফ্যানক্লাব। সেখানে দেখা যায়, লম্বা এলোমেলো চুলে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন সিয়াম। সুঠাম দেহ, পিঠজুড়ে লড়াইয়ের ক্ষত—দৃশ্যটি মুহূর্তেই বিতর্কের জন্ম দেয়।
ফেসবুক গ্রুপে গ্রুপে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই দাবি করেন, এটি পুরোপুরি ‘স্পিরিট’-এর প্রভাসের লুকের অনুকরণ। আবার কেউ কেউ ভিন্নমত পোষণ করে বলেন, ছবিটি ‘স্পিরিট’-এর পোস্টার প্রকাশের অনেক আগেই শুট করা হয়েছিল। ফলে অনুকরণের প্রশ্নই আসে না।
এই আলোচনা-সমালোচনার মধ্যেই মুখ খুললেন ‘রাক্ষস’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে নিজের নির্মাণদক্ষতার প্রমাণ দেওয়া এই পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান।
পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘আপনাদের সমালোচনাই আমার স্পার্ক।’
এরপর আক্ষেপ ও দৃঢ় সুরে হৃদয় লেখেন,‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন “ওল্ড বয়” থেকে নেয়, তখন সেটা মাস্টারপিস। লোকেশ কানাগারাজ যখন “বুলেট ট্রেন” থেকে অনুপ্রেরণা নেয়, তখন সেটা আর্ট। “কিং”-এর ফার্স্ট লুকের কস্টিউমের কথাই বা কী বলব! তখন সবই হয়ে যায় ইন্সপিরেশন। দর্শকরাও সেসব সিনেমা ব্লকবাস্টার বানায়, বাহবা দেয়। আর আমাদের দেশের ফিল্মমেকাররা কিছু করলেই আমার এই প্রিয় সমালোচকরা তেলে-বেগুনে জ্বলে ওঠে।’
তিনি আরও লেখেন,‘সব কাল্ট ক্রিয়েশনই কোনো না কোনো জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। দুনিয়া গোল—কোথাও না কোথাও গিয়ে সবকিছুই মিলে যায়। সমস্যা হলো, শুধু আমাদেরটা মিললেই দোষ। ভাঙ্গা সাহেবের জন্য শুভকামনা। আমি নিশ্চিত, তিনি আমার সিন দেখে কপি করেননি। আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ারস্টাইল সেট করেননি। আমার নায়কের বেয়ার বডি ব্যাকশট দেখে পোস্টার ডিজাইন করেননি। “স্পিরিট” আর “রাক্ষস”-এর মধ্যে কোনো মিলও থাকবে না। তারপরও যদি কোথাও কিছু মিলে যায়, ধরে নেবো সেটা কাকতালীয়—অথবা আমিই টাইম ট্রাভেল করে ভবিষ্যতে গিয়ে কপি করে এসেছি!’
পোস্টের শেষদিকে তিনি লেখেন, ‘সমালোচকদের সমালোচনাই শিরোধার্য।’
এই পোস্টের পর ‘বরবাদ’ খ্যাত পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘কাজ নিয়ে কথা হলে সমালোচনা থাকবেই। বরং সেসব সমালোচনাই কাজকে আরও ভালো করতে সাহায্য করে। তবে সমালোচনার সঙ্গে ব্যাখ্যাও থাকা জরুরি। “রাক্ষস”-এর যে স্টিলটি প্রকাশ হয়েছে, সেটার শুটিং অনেক আগেই করা। কাজেই “স্পিরিট” থেকে অনুপ্রেরণা নেওয়ার প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন,‘আমরা ইউনিক একটা গল্প বলছি। আমি আমার মতো করেই গল্পটা বলছি, কাউকে সামনে রেখে না। আশা করি, সবাই “বরবাদ”-এর মতো “রাক্ষস”-এর সঙ্গেও থাকবেন।’
Posted ৫:০৯ পিএম | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।