ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের দখলে। ১৫ হাজার ৯২১ রানের সেই ঐতিহাসিক মাইলফলক ভাঙার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।
এখন পর্যন্ত ৩০৭টি টেস্ট ইনিংসে ১৪ হাজার ২০৮ রান করেছেন রুট। শচীনের রেকর্ড থেকে তাঁর দূরত্ব এখন ১ হাজার ৭১৩ রান। ধারাবাহিক পারফরম্যান্সে রুট যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ক্রিকেট বিশ্বে জোর আলোচনা—শেষ পর্যন্ত কি শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি?
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করেন, রুটের পক্ষে এই রেকর্ড ভাঙা মোটেও অসম্ভব নয়। বিবিসির জনপ্রিয় ক্রিকেট অনুষ্ঠান ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ রুটের প্রশংসা করে তিনি বলেন, নিজের খেলা চালিয়ে যেতে পারলে শচীনের রেকর্ড টপকে যাওয়া রুটের জন্য দারুণ এক অর্জন হবে।
রুটের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রিচার্ডস মজার ছলেই টেনে আনেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ওপেনার স্যার জেফ্রি বয়কটকে। তাঁর মতে, রুট যদি টেস্টে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন, তাহলে ইয়র্কশায়ারের সেরা ব্যাটারের মর্যাদার ‘ব্যাটন’ বয়কটের হাত থেকে রুটের হাতে চলে যাবে।
এদিকে ছেলের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী রুটের বাবা ম্যাট রুটও। টকস্পোর্ট ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতৃত্বের চাপ জো রুটের পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।
ম্যাট রুট মনে করিয়ে দেন, ইংল্যান্ডের অধিনায়ক থাকাকালীনও এক মৌসুমে প্রায় ১ হাজার ৭০০ রান করেছিলেন তাঁর ছেলে। শরীর ফিট থাকা, মনোযোগ ধরে রাখা এবং ক্রিকেটের প্রতি আগ্রহ ও ক্ষুধা অটুট থাকলে শচীনের রেকর্ডে পৌঁছানো রুটের পক্ষে সম্ভব বলেই বিশ্বাস তাঁর।
শচীনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে আর ১ হাজার ৭১৩ রান দূরে জো রুট। তাই সময়ের সঙ্গে আরও জমে উঠছে অপেক্ষা—টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে কি এবার বসতে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা?
Posted ৬:৪৮ এএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।