| বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 210 বার পঠিত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ের জমির দশমিক ১৩ একর (সাড়ে ৫ হাজার বর্গফুট) অবৈধভাবে দখল করে বাসভবনটি নির্মাণ করেছে অমর্ত্য সেনের পরিবার। আগামী ৬ মে এর মধ্যে জমিটি খালি না করা হলে উচ্ছেদ অভিযান চালানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন নোটিশ পাঠানোর পর এটি নিয়ে আদালতে যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
গত জানুয়ারি মাসে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে নোটিশ দেয়। এতে বলা হয়, অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ শতাংশ জায়গা জোর করে দখলে রেখেছেন। ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারির পর বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ। শুরু হয় এ নিয়ে মামলা–মোকদ্দমা।
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের পৈতৃক বাসভবন প্রতীচীর সামনে বাউলদের নিয়ে অবস্থান করতে গত মঙ্গলবার রাজ্যের এক মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী যাতে তাদের দাবি করা জমির দখল নিতে না পারে, সে জন্য তিনি এ কথা বলেছেন।
Posted ১:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।