শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ার ছক ইয়ামালের

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ার ছক ইয়ামালের

বিশ্বকাপে প্রথমবারের মতো নামার অপেক্ষায় এই মুহূর্তের অন্যতম সেরা বিস্ময়বালক লামিনে ইয়ামাল। নিজের অভিষেক বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক ইতিহাস লেখার বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।

চলতি বিশ্বকাপ চলাকালীনই ১৯ বছরে পা দেবেন ইয়ামাল। বর্তমানে কিছুটা চোটের সমস্যায় মাঠের বাইরে থাকায় স্পেনের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আকাশছোঁয়া লক্ষ্য নিয়ে কথা বলেছেন এই স্প্যানিশ তারকা।

কাতার ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে গোল করে স্পেনের সর্বকনিষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কনিষ্ঠতম গোলদাতা হয়েছিলেন ইয়ামালের বার্সা সতীর্থ গাভি। তখন গাভির বয়স ছিল ১৮ বছর ১১০ দিন। ইয়ামালের সামনে এবার সুযোগ আছে বিশ্বকাপে স্পেনের হয়ে গোল করে গাভির ঠিক পরেই দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার।

তবে ইয়ামাল কেবল একটি গোলে সন্তুষ্ট নন, তার চোখ আরও উঁচুতে। গাভির রেকর্ড প্রসঙ্গে মজার ছলে ইয়ামাল বলেন, ‘ইউরো জয়ের পর থেকে গাভি প্রায়ই মজা করে আমাকে বলে যে, এটাই একমাত্র রেকর্ড যা আমি কোনোদিন ওর কাছ থেকে কেড়ে নিতে পারব না। তাই আমাকে ওর চেয়েও বড় এবং ভালো কিছু করে দেখাতে হবে। অর্থাৎ, বিশ্বকাপে সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করতে হবে।’

দুষ্টুমির ছলে ইয়ামাল আরও যোগ করেন, ‘ম্যাচে যদি আমি দ্বিতীয়বার বল জালে পাঠাতে পারি, তবে হয়তো উদযাপনে গাভিকে একটু শ্রদ্ধা জানাব। কারণ ও তো বিশ্বকাপে একটি গোলই করেছে (হাসি)। তবে আমার মূল লক্ষ্য থাকবে তিনটি গোল তথা হ্যাটট্রিক করা।’

বিশ্বমঞ্চে ‘লা রোহা’দের হয়ে এখন পর্যন্ত হ্যাটট্রিক করতে পেরেছেন মাত্র দুজন কিংবদন্তি। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ৫-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো। আর ১৯৯০ ইতালি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন মিচেল।

তবে ওই দুজনের কেউই ২৫ বছরের কম বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করতে পারেননি। ফলে ১৯ বছর বয়সী ইয়ামাল যদি এবার তার লক্ষ্য পূরণ করতে পারেন, তবে সেটি হবে স্পেনের ফুটবল ইতিহাসের পাতা ওলটপালট করে দেওয়া এক মাইলফলক।

শুধু ব্যক্তিগত রেকর্ডেই চোখ আটকে নেই এই বার্সা তারকার। স্পেনের হয়ে সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও বুনে চলেছেন তিনি। ইয়ামাল বলেন, ‘আশা করি এবার স্পেনই বিশ্বচ্যাম্পিয়ন হবে। আমার জন্য সেটা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো এক পরম মুহূর্ত। রেফারি ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজাবেন আর আমরা জিতে যাব। জানি না কত গোলে জিতব, তবে আমরাই চ্যাম্পিয়ন হব। এরপর স্পেনে ফিরে ট্রফি নিয়ে লাখো সমর্থকদের সঙ্গে রাস্তায় উদ্‌যাপন করব। সেটা হবে আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত।’

Facebook Comments Box

Posted ১২:৫০ এএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।