| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 76 বার পঠিত

ভারতের তামিলনাড়ুর পর এবার পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ করা হলো বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা দেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার জানিয়েছে, তিনি জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হলো। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই নিষিদ্ধ করা হলো। কলকাতা, জেলার সর্বত্র শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
এর আগে তামিলনাড়ুতেও এই ছবিটি নিষিদ্ধ করা হয়। অবশ্য মধ্যপ্রদেশ সরকার ছবিটিকে নিজের রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করেছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের বল্লেরির জনসভায় ‘দ্য কেরালা স্টোরি’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ছবি সন্ত্রাসবাদের মুখোশ টেনে খুলবে।
‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞা জারি করার আগে মমতা বন্দোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ছবিটির সমালোচনা করেন। ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা ‘দ্য কাশ্মির ফাইল্স’ প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আগুন নিয়ে খেলছে। তারা জাত-ধর্ম-বর্ণ নিয়ে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ কেন? একটি সম্প্রদায়কে হেনস্থা করার জন্য। ‘দ্য কেরালা স্টোরি’? সেও এক অসত্য এবং বিকৃত কাহিনি।
গত ৫ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিযোগ উঠেছে, মুসলিমদের হেয় করার উদ্দেশ্য নিয়েই ওই ছবি তৈরি করেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত পরিচালক সুদীপ্ত সেন। মুক্তির আগেই ছবির টিজার নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। ধর্মের বিষ যাতে না ছড়াতে পারে তার জন্য ছবি নিষিদ্ধের দাবি তোলে একাধিক সংগঠন।
Posted ৩:০৬ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।