ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্বামীর এক আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, ভাইরাল ভিডিও

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

স্বামীর এক আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, ভাইরাল ভিডিও

ভালোবাসার আলিঙ্গনও যে ভয়াবহ বিপদের কারণ হতে পারে, তারই এক বিরল ঘটনা ঘটেছে চীনে। স্ত্রীকে স্নেহভরে জড়িয়ে ধরেছিলেন স্বামী। কিন্তু সেই আলিঙ্গনেই ভেঙে যায় স্ত্রীর পাঁচটি পাঁজর, ফাটল ধরে আরও একটিতে। পরে হাসপাতালে পরীক্ষা করে জানা যায়, গুরুতর হাড়ক্ষয় রোগে আক্রান্ত ওই নারীর হাড় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে স্বাভাবিক চাপও সামলাতে পারেনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা বলায় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেন ওয়াং পদবির ওই ব্যক্তি। এ সময় হঠাৎ হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। মুহূর্তেই তীব্র ব্যথায় কাতর হয়ে মাটিতে বসে পড়েন তার স্ত্রী।

স্বামীর দাবি, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি। প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে না পারায় হাসপাতালে যাননি তারা। পরে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করে পরদিন সকালে চিকিৎসা নিতে যান।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় ধরেছে। পরবর্তী পরীক্ষায় ধরা পড়ে গুরুতর অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়েট করার পাশাপাশি প্রায়ই রাতের খাবার বাদ দিতেন তিনি। এ ছাড়া সূর্যালোকের সংস্পর্শেও খুব কম আসতেন। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই দিনের বেশির ভাগ সময় কাটত তার।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াং বলেন, তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে হাড় অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে যেতে পারে।

চিকিৎসক আরও জানান, পাঁজর ভাঙার কারণে ফুসফুস বা ফুসফুসের আবরণে কোনো জটিলতা দেখা না দিলে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। এ কারণে ওই নারীকে ওষুধ, বিশেষ প্যাচ ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

কেন এত ভঙ্গুর হয়ে পড়েছিল হাড়?

অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা স্বাভাবিক চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। চীনের এই ঘটনা হাড়ের সুস্থতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব আবারও সামনে এনেছে।

Facebook Comments Box

Posted ৬:৪৮ এএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।