| মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট | 139 বার পঠিত

পৃথিবীজুড়ে চটজলদি খাবার হিসেবে দারুণ জনপ্রিয় বার্গার ও পিৎজা। ফাস্টফুড ঘরানার এসব খাবার বানিয়ে দেশে দেশে জনপ্রিয় হয়ে ওঠা রেস্তোরাঁর সংখ্যাও নেহাত কম নয়। সেখানে দেখা মেলে নানা পদের ও আকারের বার্গার-পিৎজার। অনেক ক্ষেত্রে এতে পছন্দমতো উপাদানের সংযোজন বা বিয়োজনের সুযোগও পান গ্রাহকরা। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। খ্যাতিসম্পন্ন এক গ্রাহকের আবদারে ২ হাজার ডলার দামের একটি পিৎজা বানিয়েছেন
জনপ্রিয় এক মার্কিন সেফ। বাংলাদেশি মুদ্রায় যার দাম ২ লাখ টাকারও খানিকটা বেশি। খবর নিউইয়র্ক পোস্টের।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রন্ধনশিল্পী বা সেফ ব্রুক বেভস্কি সম্প্রতি তার ইনস্টাগ্রামে এমনই এক পিৎজা বানানোর ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, আমার এক খ্যাতিমান গ্রাহক আজ রাতের খাবারের জন্য ২ হাজার ডলারের পিৎজা চান।
ভিডিওতে দেখা যায়, পিৎজা বানানোর নানা উপাদান কিনতে একটি স্টোরে যান তিনি। সেখান থেকে অর্গানিক ডুমুর, মাশরুম গুঁড়া, কাঠবাদাম, গ্লুটেনহীন ময়দা, তেল, ৩০ ডলারের পানিসহ নানা পদের অপ্রচলিত উপাদান কেনেন। এসব পণ্যেরই মোট বিল দাঁড়ায় ৯৪৪ ডলার বা প্রায় ১ লাখ টাকা। এ ছাড়া পিৎজার জন্য মানুকা ফুলের অর্গানিক মধু ও ২০০ ডলার দামের এক বয়াম ক্যাভিয়ারও (সাধারণত দামি স্টার্জন মাছের ডিম) কেনা হয়। পরের ভিডিওতে দেখানো হয় পিৎজাটির প্রস্তুতের কৌশল।
আশ্চর্যরকম দামি এ পিৎজাটিতে নিরামিষ পেস্তো ব্যবহার করেছিলেন ব্রুক। যার মধ্যে ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স মিশ্রিত ছিল। শেষে আরেকটি ভিডিওতে পিৎজাটি পরিবেশন করতে দেখা যাচ্ছিল ব্রুককে।
এদিকে এত দামি পিৎজা নিয়ে নানা সমালোচনা দেখা গেছে ভিডিওগুলোর কমেন্ট সেকশনে। সেখানে কেউ লিখেছেন, এ পিৎজার দাম তার বাড়ি ভাড়ার থেকেও বেশি। আবার কেউ লিখেছেন, এই ২ হাজার ডলার দিয়ে বিমানে ইতালি গিয়ে পিৎজা খেতে পারতাম। অনেকে আবার একে অযুক্তিক ব্যয়ও মনে করছেন।
Posted ২:২৬ এএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।