ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা হবে বিসিএসের মানের, জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা হবে বিসিএসের মানের, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি বিবেচনা করতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রথাগত পদ্ধতিতে পরিচালিত হলে চলবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, রসায়ন বিভাগে ভর্তি হয়ে জীবনের পথচলার জন্য অনেক কিছু শিখেছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন তাঁকে ভাবনার জগৎকে কীভাবে তুলে ধরতে হয়, তা শিখিয়েছে। এ বিভাগ তাঁকে অদম্য স্পৃহা জুগিয়েছে। নিজের কাজকে ভালোবাসতে শেখার পাশাপাশি এখান থেকে পাওয়া অনুপ্রেরণায় দেশাত্মবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছেন তিনি।

এ সময় সবাইকে দেশাত্মবোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে তিনি বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তাঁর আদর্শ ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪০ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।