নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
ঢাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ মেগাওয়াট পিকে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরও ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত করে এ সক্ষমতা ২৭৯ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করতে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খাতুন। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
সভায় জানানো হয়, গত ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকা জেলার প্রায় ২৮ হাজার সরকারি-বেসরকারি ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনাসহ জেলায় মোট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।
এ ছাড়া গত জুনের পর থেকে নতুন করে ৫৫৭টি ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। এর মধ্যে ৭১টি সরকারি ভবনে স্থাপন করা হয়েছে প্রায় ৭ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা।
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ভবনের মধ্যে ৫৯৬টি সরকারি। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে ঢাকা জেলায় সৌরবিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা বেড়ে প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে পৌঁছাবে। পাশাপাশি সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের সক্ষমতা বর্তমানের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বাড়বে।
তবে সৌরবিদ্যুৎ স্থাপনের তুলনায় নেট মিটারিং সংযোগের হার এখনো কম। বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মধ্যে মাত্র ১ হাজার ৬৮৬টিতে নেট মিটারিং সংযোগ রয়েছে। ফলে রুফটপ সোলার ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নেট মিটারিং সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Posted ৪:৩৩ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।