জেলা প্রতিনিধি | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ ঠেকানোর পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে অন্য দেশে যাতায়াত বন্ধেও কঠোর নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীটি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।’
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধেও কাজ করছে বাহিনীটি।
বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’
সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা সীমান্তসংক্রান্ত তথ্য জানা থাকলে তা বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় জনগণ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ২:১২ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।