জেলা প্রতিনিধি | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এসব টাকা গণনার কাজ শুরু হয়। গণনায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। দিনব্যাপী চলবে টাকা গণনার কার্যক্রম।
গণনায় অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে যুক্ত রয়েছেন।
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস ২৪ দিন পর সেগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সূত্র: বাসস
Posted ৬:৫২ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।