নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তাঁর ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা। আয়েশা মো. চান মিয়ার স্ত্রী এবং ইয়াছিন তাঁর ছেলে।
চান মিয়া জানান, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। এ জন্য একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছান তাঁরা। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়।
এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা খাতুনেরও মৃত্যু হয়। আহত আরজিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করে হেফাজতে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১২:৩৯ পিএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।