ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এআইয়ের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

এআইয়ের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন।

তিনি বলেন, ‘তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।’

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কী দাঁড়াবে, তা আগেভাগে অনুমান করা কঠিন।

তরুণদের সক্ষমতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। তাই কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন সংকট মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, তরুণদের নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা দেওয়ার জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ রূপ পায়নি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:১৫ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।