নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
কোন বোর্ডে কত পাস
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
গত বছরের তুলনায় কমেছে পাস ও জিপিএ-৫
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশীয় পয়েন্ট।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, অর্থাৎ গত বছরের তুলনায় ৮ হাজার ৩৪২ জন কম।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজাল্ট শিট ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। ফলাফল পাওয়া যাবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি উল্লিখিত দুইটি ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এজন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএসে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2026 পাঠাতে হবে 16140 নম্বরে।
শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে পরীক্ষার্থীদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করা যাবে না।
পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
Posted ১১:২৭ এএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।