ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, দেশ গঠনেও সেভাবে সবাইকে একসঙ্গে থাকতে হবে। দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নির্বাচনের আগে আলেম-ওলামাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব। আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। আজ আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে আমি এসে আমার প্রিয় হুজুরের কাছে যেতে পেরেছি।’
তিনি বলেন, নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি।
বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এর খেসারত এখন দেশের মানুষকে দিতে হচ্ছে। পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যাও তৈরি হয়েছে।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সমস্যা চলছে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তা অনেকটা কমে আসবে বলে তিনি আশা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ ও সন্তানরা খেয়ে-পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং শান্তিতে বসবাস করবে।’
দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন তিনি। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি বিভিন্ন মহলের বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পরও দেশ গঠনের কাজে একইভাবে একসঙ্গে থাকতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
আলেম-ওলামাদের সরকারের সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সরাসরিভাবে সরকারে নেই, কিন্তু সরকারের সহযোগী হিসেবে আছেন।’ দেশকে সঠিকভাবে এগিয়ে নেওয়া এবং মানুষকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব শুধু সরকারের একার নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান।
হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
Posted ৭:১৩ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।