ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে নিঝনেকামস্কে ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্ত থেকে এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত শহরটিতে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বিশাল পেট্রোকেমিক্যাল শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দিনের আলোয় আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের শিখা দেখা গেছে। একই সঙ্গে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তবে ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ ও কারিগরি সহায়তা জোগায়—এমন জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, আবাসিক এলাকার পাশাপাশি শিল্প স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার সময় সেখানে সামরিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন—এমন বেসামরিক লোকজনও উপস্থিত ছিলেন।
তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলায়েভ ঘটনাটিকে ‘গভীর বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। হামলার পর তাতারস্তানে শোক ঘোষণা করা হয়েছে।
রাশিয়া জানিয়েছে, রাতের বেলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার ড্রোন হামলা চালানোর সক্ষমতা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলায় গুদাম, জ্বালানি ও শিল্প অবকাঠামোকে প্রায়ই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় নিয়মিত বড় ধরনের বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় ২১ জন নিহত হন। এছাড়া সম্মুখসারির কাছাকাছি খারকিভে রাতের গোলাবর্ষণে নিহত হন আরও পাঁচজন।
সূত্র: বিবিসি
Posted ১১:৫২ এএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।