ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা ও ইউরোপীয় ফুটবলে চলমান বিরোধের মধ্যেই পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স।
মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ড ফুটবলের এক মুখপাত্র রয়টার্সকে জানান, আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে দল পাঠাবে নিউজিল্যান্ড। নারী ফুটবলের বিকাশে এই টুর্নামেন্টকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
২৪ দলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি প্রথম নিশ্চিত করেছিল ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশনও জানিয়েছে, আপাতত তারা ফিফার এই টুর্নামেন্টে অংশ নেবে।
এর আগে ফিফার ইভেন্টের স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলে বিরোধ তৈরি হয়। উয়েফার ৫৫টি সদস্য ফেডারেশন ফিফার ইভেন্ট বয়কটের অবস্থানে থাকার কথা জানিয়েছিল। গত ৩০ জুলাই দেওয়া এক বিবৃতিতে উয়েফা জানায়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই এবং সেই অবস্থান এখনও অপরিবর্তিত।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ও কানাডা সকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন টুর্নামেন্টে অংশ নেবে বলে আশা করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রয়টার্সের এক সূত্র জানিয়েছে, বিভিন্ন কনফেডারেশনের মধ্যে চলতি সপ্তাহের আলোচনায় ভবিষ্যতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা প্রয়োজন হতে পারে বলে স্বীকার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিরোধ আরও তীব্র হলে নারী ফুটবলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আয়োজক দেশ পোল্যান্ড জানিয়েছে, টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে এবং তা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্যও নেই।
আগামী ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ।
Posted ২:৪২ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।