ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ-আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার সময় বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে দুই দফা ডোপ টেস্টে প্রমাণ মিলেছে।

এ ঘটনায় বিমানের দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গ্রাউন্ডেড করা হয়েছে।

গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার ‘এআই-২৩৭৯’ ফ্লাইটটি। ক্রুজিং অবস্থায় এয়ারবাস এ৩২০নিও বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে তীব্র ‘নেগেটিভ-জি’ পরিস্থিতির সৃষ্টি হয়।

সিটবেল্ট না বাঁধা থাকায় বেশ কয়েকজন যাত্রী আসন থেকে ছিটকে পড়েন। এতে অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজন ক্রু সদস্যের মেরুদণ্ডের টেলবোন ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সময় প্রধান পাইলট ককপিটের নির্ধারিত আসনে ছিলেন না। তখন সহ-পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন।

বিমানটি দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটের ডোপ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার সক্রিয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়। পরে মঙ্গলবার দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফল আসে।

তবে পাইলটের গাঁজা সেবনের সঙ্গে বিমানটি হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক সমস্যা কিংবা মানবিক ভুল—সব সম্ভাবনাই তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে ফ্লাইটের ডেটা, বিমান রক্ষণাবেক্ষণের নথি, উড্ডয়ন-সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রণালয় বলেছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো আংশিক তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ঘটনার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোই তদন্তের মূল উদ্দেশ্য।

এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ন্ত্রক সংস্থা কিংবা এয়ারলাইন্স—কোনো পক্ষের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়ে আপস করা হবে না।

Facebook Comments Box

Posted ২:০২ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।