ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে শনিবার ভোরে ৫০-৪৯ ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তার নিয়োগ চূড়ান্ত হয়।
ট্রাম্প গত বছর ক্ষমতায় ফেরার পর ব্লাঞ্চ হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি অ্যাটর্নি জেনারেল পদে সিনেটের অনুমোদন পেলেন। এর আগে ট্রাম্পের মনোনীত প্যাম বন্ডি এই পদে দায়িত্ব পালন করলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ।
সিনেটের অনুমোদনের ফলে এখন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও এজেন্ডা বাস্তবায়নে আরও শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ পেলেন ব্লাঞ্চ। বিশেষ করে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত ও বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রমে তার ভূমিকা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
তবে ব্লাঞ্চের নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্ন ছিল না। বিচার বিভাগের স্বাধীনতা ও ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সিনেটরও উদ্বেগ প্রকাশ করেন। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি প্রকাশ্যে তার নিয়োগের বিরোধিতা করেন।
ব্লাঞ্চের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) বা মার্কিন কর বিভাগের সঙ্গে ট্রাম্প-সংশ্লিষ্ট একটি বিতর্কিত সমঝোতা। এ নিয়ে সিনেটে তার নিয়োগের বিরুদ্ধে চাপ বাড়ে।
পরিস্থিতি সামাল দিতে ব্লাঞ্চ লিখিত প্রতিশ্রুতি দেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অংশ নেওয়া ট্রাম্প-সমর্থকদের জন্য প্রস্তাবিত ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিল করবেন তিনি। একই সঙ্গে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কর নিরীক্ষা থেকে সুরক্ষা দেওয়ার অভিযোগ ওঠা আরেকটি বিতর্কিত চুক্তিও বাতিল করার আশ্বাস দেন।
শেষ পর্যন্ত এসব প্রতিশ্রুতির পর প্রয়োজনীয় রিপাবলিকান সমর্থন পান ব্লাঞ্চ। মাত্র এক ভোটের ব্যবধানে সিনেটের অনুমোদন পেয়ে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়।
Posted ১:১৪ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।