নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

ফাইল ছবি
যুক্তরাজ্যের প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ একটি ডেটাবেজে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে দীর্ঘদিন অপরাধ দমনে কাজ করা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ‘পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজ’-এ অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য সংরক্ষণ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় এই ডেটাবেজ ব্যবহার করে থাকে।
তদন্তকারীদের ধারণা, ‘এক্সফিলস্কোয়াড’ নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর সাম্প্রতিক ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই ঘটনাটিকে দেখা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যও সাইবার হামলার শিকার হয়। এ ছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগে হামলা চালিয়ে পাঁচ লাখের বেশি তথ্য ফাঁসের ঘটনা ঘটে।
তথ্য ফাঁস হওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি গুরুতর সংগঠিত অপরাধ দমনে কাজ করেছেন এবং বহু শীর্ষ অপরাধীকে আইনের আওতায় এনেছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তিনি ও তার সহকর্মীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। অতীতে চাকরির কারণে তাকে নিরাপদ স্থানে থাকতে এবং নিজের গাড়ি বিক্রি করতেও বাধ্য হতে হয়েছিল বলে জানান তিনি।
হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, কোনো প্রতিষ্ঠানের তথ্য একবার ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। একই সঙ্গে তারা মুক্তিপণ পরিশোধের চাপও তৈরি করেছে।
জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ পুলিশ কর্মকর্তা কর্মজীবনের কোনো না কোনো সময়ে এই ডেটাবেজ ব্যবহার করেছেন। বর্তমানে ওই দুই অঞ্চলে প্রায় এক লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Posted ৭:৫৮ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।