ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

গুয়াতেমালার অন্যতম সক্রিয় ফুয়েগো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত শুরু হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘কনরেড’ জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করে।
কনরেডের নির্বাহী সচিব ক্লডিন ওগালদেস জানান, আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত ‘এল পোরভেনির’ গ্রাম ও ‘লাস লাহিতাস’ এলাকা থেকে প্রায় ৫০টি পরিবারের ২৫০ জনকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ফুয়েগোর জ্বালামুখ থেকে ২০০ থেকে ৩০০ মিটার উচ্চতায় লাভার ফোয়ারা উঠছে। একই সঙ্গে ছাই ও বিষাক্ত গ্যাসের মেঘ ছড়িয়ে পড়ছে। পাহাড়ের ঢাল বেয়ে দ্রুতগতিতে নামছে উত্তপ্ত লাভা ও পাইরোক্লাস্টিক প্রবাহ।
নিরাপত্তার কারণে আগ্নেয়গিরির পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-১৪ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
মধ্য আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগো। ২০১৮ সালের জুনে এই আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে একটি গ্রাম ধ্বংস হয়ে যায় এবং কয়েকশ মানুষের মৃত্যু হয়। ওই দুর্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতেও অগ্ন্যুৎপাতের তীব্রতা বাড়লে একাধিকবার বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে।
Posted ১১:২৬ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।