ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ট্রাম্পের গলফ ক্লাবের বাইরে সশস্ত্র ব্যক্তি আটক, বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও বডি আর্মার

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ট্রাম্পের গলফ ক্লাবের বাইরে সশস্ত্র ব্যক্তি আটক, বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও বডি আর্মার

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের আগে তার নিরাপত্তা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্পের ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’-এর বাইরে সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বডি আর্মার উদ্ধার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহান্তে র‌্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের বাইরে থেকে ৩৮ বছর বয়সী জেনিন জন তেলি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ‘এয়ার ফোর্স ওয়ান’-এ করে ওই গলফ ক্লাবে একটি নৈশভোজে যোগ দিতে যাচ্ছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল কর্মকর্তারা তেলিকে ক্লাবের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে এবং নিরাপত্তা ব্যবস্থার ছবি ও ভিডিও ধারণ করতে দেখেন।

পরে তার কাছে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদ পাওয়া যায়। এছাড়া, ২০২৫ সালের নভেম্বরে এল সেগুন্ডো এলাকায় সংঘটিত একটি ডাকাতি মামলারও সন্দেহভাজন তিনি।

মঙ্গলবার আদালতে অস্ত্র ও ডাকাতিসহ মোট চারটি অভিযোগে তেলি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন আড়াই লাখ মার্কিন ডলার নির্ধারণ করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের আশপাশে না যাওয়ার নির্দেশ দেন।

এদিকে, সোমবার এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্কফোর্স তেলির বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবর্তিত একটি এআর-স্টাইল রাইফেল, .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গোলাবারুদ, রেডিও যোগাযোগ যন্ত্র এবং উদ্বেগজনক তথ্যসংবলিত কয়েকটি নোটবুক উদ্ধার করে।

মার্কিন সিক্রেট সার্ভিস ও এফবিআই যৌথভাবে তদন্ত করছে, তেলি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কোনো বাস্তব হুমকি সৃষ্টি করেছিলেন কি না। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক হামলার পরিকল্পনার প্রমাণ বা সাধারণ মানুষের জন্য সরাসরি কোনো ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৫:১৬ এএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।