মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিদায়ী সংবর্ধনায় যাদের কৃতজ্ঞতা জানালেন রুবেল

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

বিদায়ী সংবর্ধনায় যাদের কৃতজ্ঞতা জানালেন রুবেল

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রুবেল হোসেন। এরপর দীর্ঘ চার বছর আর দলে সুযোগ পাননি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন তারকা এই পেসার। সোমবার মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সময় ৩৬ বছর বয়সী রুবেল হোসেনের সঙ্গে তার পরিবারও উপস্থিত ছিল। বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে রুবেলকে বিদায়ী শুভেচ্ছা জানান।

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবেল। তিনি বিসিবি ও বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পর তামিম ইকবাল আমাকে ফোন দেয়। সে বলে, রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। বিষয়টি আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করে আমাকে সম্মানিত করার জন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।’

বিদায়বেলায় তিনজনকে বিশেষভাবে স্মরণ করেছেন এই গতিতারকা। তাদের মধ্যে দুজন তাঁর বাবা-মা, আর অন্যজন প্রখ্যাত কোচ সারোয়ার ইমরান। পেসার হান্ট থেকে রুবেলকে তুলে আনার নেপথ্য কারিগর এই কোচকে স্মরণ করে তিনি বলেন, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান এই রুবেল হোসেন হওয়ার পেছনে অন্যরকম। পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে পাশে থাকা স্কুল থেকে শুরু করে জাতীয় দলের সব কোচ, ফিজিও এবং গ্রাউন্ডসম্যানদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

নিজের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করে রুবেল বলেন, ‘আজ এখানে দাঁড়াতে পেরেছি আমার বাবা-মায়ের জন্য। আমি তাদের আজ খুব মিস করছি।’

খারাপ সময়ে পাশে থাকা বন্ধুবান্ধব, উৎসাহ জোগানো গণমাধ্যমকর্মী এবং অগণিত ভক্ত-সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা এভাবে পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৪৩ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।