খেলা ডেস্ক | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 52 বার পঠিত

২০২৬ বিশ্বকাপের ড্র চূড়ান্ত হওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রুপ ‘আই’। বর্তমান রানার্সআপ ফ্রান্সের সঙ্গে এই গ্রুপে পড়েছে নরওয়ে। আর তাতেই মঞ্চ প্রস্তুত হয়ে গেছে আধুনিক ফুটবলের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালন্ডের মুখোমুখি লড়াইয়ের। শিষ্য এমবাপ্পের সঙ্গে নরওয়েজিয়ান গোলমেশিন হালন্ডের এই দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন খোদ ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম।
ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানের পর প্রতিক্রিয়ায় দেশ্যম বলেন, ‘এটি দারুণ এক দ্বৈরথ হতে যাচ্ছে। দুই দলেই আরও অনেক বড় তারকা আছে, কিন্তু অবশ্যই পুরো বিশ্বের নজর থাকবে কিলিয়ান ও হালন্ডের ওপর। বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ এই দুই শীর্ষ তারকার লড়াই দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করবে।’
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে এমবাপ্পে ২৪ ম্যাচে ৩০ গোল করেছেন। পিছিয়ে নেই হালন্ডও, ম্যানচেস্টার সিটি ও নরওয়ের জার্সিতে সমান ম্যাচে তার গোলসংখ্যা ৩৩। হালন্ডের কাঁধে চড়েই ইতালিকে পেছনে ফেলে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে এসেছে নরওয়ে।
তবে ফ্রান্সের জন্য এই গ্রুপে শুধু হালন্ড-ভীতিই নয়, আছে ২০০২ বিশ্বকাপের দুঃসহ স্মৃতিও। গ্রুপসঙ্গী সেনেগালের বিপক্ষে সেবার প্রথম ম্যাচেই হেরে বিদায়ঘণ্টা বেজেছিল জিদানদের। এবার সেই ‘অঘটন’ এড়াতে সতর্ক ২০২২-এর ফাইনালিস্টরা। তৃতীয় বিশ্বকাপ শিরোপাই তাদের একমাত্র লক্ষ্য।
ফ্রান্সের ডাগআউটে ১৪ বছর কাটানো দেশ্যমের জন্য এটিই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। দীর্ঘ সম্পর্কের ইতি টানার আগে তিনি চান সুন্দর এক বিদায়ী গল্প লিখতে। দেশ্যম বলেন, ‘প্রতিটি বিশ্বকাপের নিজস্ব গল্প থাকে। আমাদের নিশ্চিত করতে হবে যেন সেই গল্পটা যতটা সম্ভব সুন্দর হয়।’
গ্রুপ পর্ব পার হলে রাউন্ড অব ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ হবে অন্য কোনো গ্রুপের তৃতীয় সেরা দল। তবে শেষ ষোলোতে তাদের দেখা হয়ে যেতে পারে আরেক পরাশক্তি জার্মানির সঙ্গে। তাই শুরু থেকেই ধীরে চলো নীতিতে বিশ্বাসী ফরাসি কোচ।
Posted ২:৩৪ এএম | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।