ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

৮৭ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডে এবার নিজের নাম লিখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেও সৌদি প্রো লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে সৌদি ক্লাবটি।
২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল আল নাসরের এই অবিশ্বাস্য গোল-ধারা। এরপর সৌদি প্রো লিগে টানা প্রতিটি ম্যাচেই গোল করেছে তারা।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসায় আল নাসর। পরের ম্যাচেই সেই রেকর্ড ছাড়িয়ে যায় দলটি।
আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা গোলের সংখ্যা ৯৪ ম্যাচে পৌঁছে যায়। আর তাতেই ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করা রিভার প্লেটের রেকর্ড ভেঙে যায়।
রিভার প্লেটের সেই ঐতিহাসিক দলটি ‘লা মাকিনা’ নামে পরিচিত ছিল। হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার খেলেছেন সেই দলে। ৯৩ ম্যাচে তারা করেছিল ৩০১ গোল।
আল নাসরের এই রেকর্ডযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রোনালদোরও। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি। রেকর্ডে ভাগ বসানোর আগের ম্যাচে আবহার বিপক্ষেও গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।
তবে এখানেই শেষ নয়। রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে আর্জেন্টাইন ক্লাবটির।
রিভার প্লেটের ওই ৯৬ ম্যাচের মধ্যে ৯৩টি ছিল লিগের। বাকি তিনটি ম্যাচ ছিল কাপের—পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি।
অর্থাৎ, শুধু লিগের হিসাবেই ৮৭ বছর পর রিভার প্লেটকে পেছনে ফেলেছে আল নাসর। তবে ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোলের রেকর্ড এখনো রিভার প্লেটের দখলেই।
Posted ৬:২০ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।