ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেলারুশের তারকাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন তিনি। একই সঙ্গে সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজে ফাইনালের শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। সাবালেঙ্কার শক্তিশালী শটের বিপরীতে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে চাপ ধরে রাখেন তিনি। ৫-৩ গেমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন কাজাখ তারকা।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৫-৫ সমতার পর রিবাকিনার সার্ভিস ব্রেক করে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

তবে তৃতীয় সেটে আর লড়াই জমাতে পারেননি সাবালেঙ্কা। শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।

এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন ও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা।

গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অবশ্য সাবালেঙ্কার কাছে হেরেছিলেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। রিবাকিনার কাছে হেরে সেই দুর্দান্ত ধারায় ছেদ পড়ল। পরাজয়ের হতাশায় ম্যাচ শেষে চেয়ারেই র‍্যাকেট আছড়ে ফেলেন বেলারুশের এই তারকা।

শিরোপা জয়ের পর রিবাকিনা বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’

এর আগে ইউএস ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি রিবাকিনা। এবার সেই সীমা পেরিয়ে সরাসরি শিরোপা জিতে নতুন কীর্তি গড়লেন কাজাখ এই তারকা। পাশাপাশি বিশ্ব টেনিসের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও নিজের করে নিলেন তিনি।

Facebook Comments Box

Posted ৭:০৩ এএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।