নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

সংগৃহীত ছবি
সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে একটি গ্রহণযোগ্য ও কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আলোচনার দিন-তারিখ ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।
তিনি জানান, বিরোধী দলগুলোর পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পাঁচটি নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, তারা দ্রুত নাম পাঠাবে। বিরোধী দলের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে অংশ নিলে তা স্বাগত জানানো হবে। পাশাপাশি লিখিত পরামর্শ দিলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো বড় চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টিকে চ্যালেঞ্জ নয়, বরং জনগণের প্রত্যাশা হিসেবে দেখছে কমিটি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ ও দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তাই আলোচনা শেষ করার নির্দিষ্ট সময় এখনই নির্ধারণ করা হচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’-এ থাকা বিষয়গুলো, যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি সরকারি দলের নির্বাচনী ইশতেহারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করে একটি সর্বজনগ্রাহ্য সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।
Posted ১১:১৩ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।