শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সতীর্থদের চোখে ‘মিস্টার ক্রিকেট’ মুশফিক

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

সতীর্থদের চোখে ‘মিস্টার ক্রিকেট’ মুশফিক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার স্পর্শ করতে যাচ্ছেন ১০০ টেস্টের মাইলফলক। তিনি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে চড়াই-উতরাই পার করে এই অবস্থানে আসা মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার বর্তমান ও সাবেক সতীর্থ এবং কোচেরা।

দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বিশাল অর্জন। তামিম বলেন, ‘মুশফিকের জন্য এটি এক বিশাল অর্জন। সে সত্যিই বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলার যোগ্যতা রাখে। দীর্ঘ ক্যারিয়ার, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং ভিশন ছাড়া এতগুলো টেস্ট খেলা সম্ভব নয়।’

মুশফিকের ফিটনেস ও ক্ষুধার প্রশংসা করে তামিম আরও বলেন, ‘আমি তাকে বড় রান করতে দেখেছি, কিন্তু লম্বা ইনিংসের পর কখনও তাকে ক্লান্ত হতে দেখিনি। অন্য ক্রিকেটাররা বড় শতকের পর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মুশফিক কখনও না। তার এই ক্ষুধা ক্যারিয়ারের শেষ ম্যাচেও থাকবে।’

তামিমের মতে, এই টেস্টে মুশফিক ২০ রান করুক বা ২০০, তাকে কোনো বিচার করা উচিত নয়। বরং দেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীর উচিত এই ম্যাচটি উদযাপন করা।

অন্যদিকে, বর্তমান টেস্ট সতীর্থ মুমিনুল হকের চোখে মুশফিক একজন অতিমানবীয় পরিশ্রমী। মুমিনুল কিছুটা মজা করেই বললেন, ‘মাঝে মাঝে আমার মনে হয় সে খুব বোরিং জীবনযাপন করে। একজন মানুষ ক্রিকেটের প্রতি এতটা নিবেদিত এবং সুশৃঙ্খল কীভাবে হতে পারে? খাওয়া-দাওয়া, ঘুম সব কিছুতে সে এতটাই নিয়ম মেনে চলে যে, আমরা কখনও তার মতো হতে পারব না।’

মুমিনুল মনে করেন, মুশফিকের মতো নিবেদিতপ্রাণ কারিগর বাংলাদেশ আর পাবে না।

মুশফিকের শুরুর দিকের কোচ ডেভ হোয়াটমোরও ভোলেননি প্রিয় ছাত্রকে। তিনি বলেন, ‘২০০৭ সালে আমি চলে যাওয়ার পরও মুশফিকের ক্যারিয়ার অনুসরণ করেছি। সাকিব ও পরে তামিমের সঙ্গে মিলে সে দেশকে গর্বিত করেছে। তার স্লগ-সুইপ তো কিংবদন্তিতুল্য।’

দুই মেয়াদে মুশফিককে কোচিং করানো চন্ডিকা হাথুরুসিংহে তাকে বিশ্বমানের আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘মুশফিক আমার দেখা সবচেয়ে খুঁতখুঁতে ক্রিকেটারদের একজন। তার প্রস্তুতি বিশ্বমানের। মিরপুর হোক বা বিদেশের মাটি, মুশফিক কখনও তার স্ট্যান্ডার্ড নিচে নামতে দেয় না।’

আর সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন মুশফিককে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার মাইক হাসির সঙ্গে। তিনি বলেন, ‘সে সত্যিকারের লিজেন্ড। সে আমাদের ‘মিস্টার ক্রিকেট’, আমাদের মাইক হাসি। এমন একটা সময় আসে যখন শরীর বা মন আর চলতে চায় না, মানুষ বলে অনেক হয়েছে। কিন্তু আমার মনে হয় না মুশফিকের অভিধানে এই শব্দটা আছে।’

Facebook Comments Box

Posted ১২:২১ পিএম | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।