ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ চান হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ চান হুমায়ুন কবির

মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা ব্যাপক নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে এবং অনিয়মিত অভিবাসনকে উসকে দিতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপির নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে আরও ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলছে।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতিও দেন তারা।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।

বাংলাদেশ, যুক্তরাজ্যের পার্লামেন্ট ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে এপিপিজির ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াতে এপিপিজির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে সংসদীয় সহযোগিতা ও বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে উভয় পক্ষ মতামত বিনিময় করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন তারা।

Facebook Comments Box

Posted ৯:৩৪ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।