ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় পুলিশ ও মাদ্রাসাছাত্রসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলছিল।

এ সময় উচ্চস্বরে গান বাজানোয় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোর কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। প্রথমে কয়েকজন শিক্ষার্থী গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। পরে আবার শব্দ বাড়ানো হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাতেই দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচার দাবি করে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box

Posted ৯:৪১ এএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।