| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 231 বার পঠিত

বিশ্বের সবচেয়ে বড় চিপ সেন্টার তৈরি করছে দক্ষিণ কোরিয়া। এ কাজে ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে, যার সিংহভাগ দেবে স্যামসাং ইলেকট্রনিকস।
বার্তা সংস্থা এএফপি জানায়, ছয়টি মৌলিক প্রযুক্তিপণ্য তৈরিতে বিনিয়োগবৃদ্ধির পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া সরকার, যার মধ্যে চিপ, ডিসপ্লে এবং ব্যাটারি অন্যতম। এই খাতগুলোতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সমৃদ্ধ।
বুধবার এক অর্থনৈতিক নীতিনির্ধারণী বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল বলেন, ‘৩০০ ট্রিলিয়ন (৩ কোটি কোটি) উয়নের বিশাল বেসরকারি বিনিয়োগে রাজধানীতে বিশ্বের বৃহত্তম স্কেল সিস্টেম সেমিকন্ডাক্টর ক্লাস্টার তৈরি করবে দক্ষিণ কোরিয়া। …গতি গুরুত্বপূর্ণ। ক্লাস্টার প্রকল্প বাস্তবায়নে সরকার যথাসাধ্য চেষ্টা করবে।
পৃথক এক বিবৃতিতে এএফপিকে স্যামসাং জানিয়েছে, পরবর্তী দুই দশকে ক্লাস্টারে ৩০০ ট্রিলিয়ন উয়ন বিনিয়োগ করবে স্যামসাং। এদিকে দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়, ক্লাস্টার তৈরির প্রকল্প ২০৪২ সাল নাগাদ শেষ হবে।
বিশ্বের সবচেয়ে উন্নত মাইক্রোচিপের সিংহভাগ তৈরি করে কেবল দুটি প্রতিষ্ঠান। এদের একটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং অপরটি তাইওয়ানের টিএসএমসি।
চিপ সরবরাহ স্থিতিশীল রাখা এখন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বাজার নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও তুঙ্গে। গত বছর মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ কোরিয়া সফরে উন্নত চিপের ভূ-রাজনৈতিক গুরুত্ব প্রকাশ পায়। সে সময় পিয়ংতেকে স্যামসাংয়ের চিপ কারখানায় গিয়ে ‘একই মতাদর্শে বিশ্বাসী অংশীজনদের মধ্যে’ প্রযুক্তি বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
Posted ১২:৪৮ এএম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।