খেলাধুলা ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত

ক্রিকেট মাঠে কত অবিশ্বাস্য ঘটনাই না ঘটে! তবে অস্ট্রেলিয়ার একটি অপেশাদার লিগে এক বাবা ও ছেলে মিলে যা করলেন, তা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। ৪০ ওভারের এক ম্যাচে এই যুগল উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে তুলেছেন অবিচ্ছিন্ন ৫৯০ রান! এর মধ্যে ছেলের একার ব্যাট থেকেই এসেছে ৪০২ রানের ইনিংস, আর বাবার অবদান ১৭৫ রান।
গত শনিবার অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে মুখোমুখি হয়েছিল করোম্যান্ডেল ভ্যালি ও মরফেটভিল পার্ক। করোম্যান্ডেল ভ্যালির হয়ে ইনিংসের ওপেনিং করতে নামেন ষাটোর্ধ্ব ড্যারেন চিক ও তার ছেলে স্যাম চিক। শুরুটা বাবা ড্যারেন আক্রমণাত্মক মেজাজে করলেও, একটু পর থেকেই বাইশ গজে রীতিমতো ঝড় তোলেন স্যাম। বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ১৩২ বলে অপরাজিত ৪০২ রানের এক দানবীয় ইনিংস খেলেন এই তরুণ।
স্যামের ইনিংসে ছিল ৪২টি বিশাল ছক্কা ও ৩০টি চারের মার। অর্থাৎ, কেবল বাউন্ডারি থেকেই তিনি আদায় করেছেন ৩৮৪ রান! তিনশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা স্যাম প্রথম ৫৬ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর, পরের পঞ্চাশ রান করতে নেন মাত্র ১৭ বল। ৮৭ বলে দ্বিশতক পূরণের পর পরবর্তী ১০০ রান তিনি তুলে নেন চোখের পলকে, মাত্র ২২ বলে! ইনিংসের ৩২তম ওভারে ডার্সি লেনের ৬টি বলকেই তিনি সীমানার ওপারে আছড়ে ফেলেন।
ছেলের এমন তাণ্ডবের দিনে নীরব দর্শক ছিলেন না বাবাও। ষাটোর্ধ্বদের ক্রিকেটে নিয়মিত খেলা ড্যারেন ১০৮ বল মোকাবেলা করে অপরাজিত থাকেন ১৭৫ রানে। নির্ধারিত ৪০ ওভার শেষে বিনা উইকেটে ৫৯০ রানের পাহাড়সম সংগ্রহ পায় করোম্যান্ডেল ভ্যালি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ফক্স স্পোর্টসের তথ্যমতে, ৪০ ওভারের ক্রিকেট ম্যাচে যেকোনো উইকেটে ৫৯০ রানের জুটি একটি রেকর্ড।
রানের এই পাহাড় টপকাতে নেমে মরফেটভিল পার্ক পুরো ৪০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান তুলতে সক্ষম হয়। ফলে ৪৪৪ রানের এক বিশাল জয় পায় করোম্যান্ডেল। মজার ব্যাপার হলো, ব্যাট হাতে কয়েক ঘণ্টার তাণ্ডব শেষে বোলিংয়েও ওপেন করেন এই বাবা-ছেলে। বল হাতে স্যাম উইকেট না পেলেও ড্যারেন ১১ রান খরচায় তুলে নেন ১টি উইকেট।
অবিশ্বাস্য এই স্কোরকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খোদ ‘ইউনিভার্স বস’ ও ছক্কার রাজা ক্রিস গেইল একটি ইনস্টাগ্রাম পোস্টে আগুনের ইমোজি জুড়ে দিয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এসব কী দেখছি!’
সাধারণ ক্রিকেটপ্রেমীরাও মজাদার সব মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যারি হ্যারিস নামের এক নেটিজেনের রসিকতা, ‘স্যামের মনে হয় কোথাও যাওয়ার খুব তাড়া ছিল।’ ইয়াইন নামের আরেকজন বাবার ইনিংস নিয়ে লিখেছেন, ‘১০৮ বলে অপরাজিত ১৭৫ রান করার পরও ছেলের পাশে তাঁকে একেবারে পাড়ার ক্রিকেটার মনে হচ্ছে!’ অন্যদিকে, প্রতিপক্ষের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে লেড জনসন মন্তব্য করেন, ‘ছেলেটি প্রতি বলে প্রায় ৪ রান করে নিয়েছে। এটি আসলে কোন মানের বোলিং?’
Posted ১২:৫১ পিএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।